মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ দিনগুলোতে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে নিজেকে ক্ষমা করতে চান বলে তার সহযোগীদের জানিয়েছেন।
তবে প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করার এখতিয়ার রাখেন কি না, তা পরামর্শক এবং আইনজীবীদের কাছে জানতে চাইছেন তিনি।
একাধিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের কাউন্সেল প্যাট এ. সিপোলানকেও একই প্রশ্ন করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
আইন বিশেষজ্ঞদের মতে, যদি এমনটি ঘটে, তবে তা আমেরিকান ইতিহাসে প্রেসিডেন্টের ক্ষমতার অন্যতম ব্যতিক্রমী এবং একচ্ছত্র অপব্যবহারকে চিহ্নিত করবে।
এ ধরনের আলোচনা সম্পর্কে অবগত এমন দু’জনের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এর আগে খবর দিয়েছিল যে, নিজেকে ক্ষমা করার ওই আইডিয়া নিয়ে নির্বাচনের সময় থেকেই চিন্তাভাবনা করে আসছেন ট্রাম্প।