মুখ বুজে মঞ্চ ছেড়ে চলে যেতে রাজী হননি ট্রাম্পের অনুগত পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তিনি ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট‘ বিদেশ নীতির প্রধান সেনাপতি।
শেষ দিনগুলোতে পররাষ্ট্র নীতিতে এমন কিছু মৌলিক সিদ্ধান্ত তিনি দিয়েছেন যা জো বাইডেনকে নিশ্চিতভাবে ভোগাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বাইডেন মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি গত চার বছরে বিশ্বে আমেরিকার নেতৃত্ব, প্রভাব ক্ষুণ্ণ করেছে এবং আমেরিকাকে তার মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে।
বিগত মাসগুলোতে জো বাইডেন বলেছেন, বিশ্বের আমেরিকার ‘মর্যাদাপূর্ণ নেতৃত্ব’ প্রতিষ্ঠাই হবে তার বিদেশ নীতির প্রধান লক্ষ্য।
এমন লোকজনকে তিনি তার পররাষ্ট্র নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন যারা ‘একলা-চলো‘ নীতির বদলে আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্বাসী।