ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আবহাওয়াবিদ হিসেবে সুদূর অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন পল গ্রিশাম।
নির্জন বরফাচ্ছন্ন এলাকায় দায়িত্বপালনকালে একদিন নিজের মানিব্যাগ হারিয়ে ফেলেন তিনি।
এরপর কেটে গেছে পাঁচ দশকেরও বেশি। আশ্চর্যজনকভাবে এতদিন পরে অনেকটা অক্ষত অবস্থাতেই গ্রিশামের হাতে ফিরে এসেছে সেই মানিব্যাগটি।
৯১ বছর বয়সী সাবেক এ নৌকর্মকর্তা বলেন, আমি পুরো হতবাক হয়ে গিয়েছিলাম।
আমাকে শনাক্ত করে কাছে পৌঁছানোর দীর্ঘ ধারাবাহিক এ প্রক্রিয়ায় বহু মানুষ জড়িত ছিলেন।
গ্রিশামের হারানো মানিব্যাগটিতে ছিল তার নৌবাহিনীর আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ধরনের হামলার সময় কী করতে হবে তার একটি পকেট নির্দেশিকা, বিয়ার রেশন পাঞ্চ কার্ড, ট্যাক্স স্টেটমেন্ট এবং স্ত্রীর কাছে পাঠানো মানিঅর্ডারের রশিদ।
৫৩ বছর পর সেগুলো মোটামুটি অক্ষত অবস্থাতেই ফিরে পেয়েছেন এ বৃদ্ধ।