টেক্সাসের বর্তমান পরিস্থিতিকে দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই ঘোষণার ফলে প্রদেশটিতে ত্রাণ কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে পারবে সরকার। এ নিয়ে শনিবার একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ।
এতে বলা হয়েছে, মারাত্মক শীতকালীন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় ও প্রাদেশিক পর্যায়ের পুনরুদ্ধার প্রচেষ্টাগুলোতে পরিপূরক ফেডারেল সহায়তার আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
এ খবর দিয়েছে রয়টার্স।
এদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে চলা প্রবল শৈত্য প্রবাহে এ পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ২১ জনই টেক্সাসের বাসিন্দা।
সেখানে কয়েকদিন ধরে ৪০ লাখেরও বেশি বাসিন্দা বিদ্যুৎবিহীন ছিলেন।
তবে এখন স্বাভাবিক পরিস্থিতি আবার ফিরতে শুরু করেছে।
তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। তবে সেখানকার কোটি মানুষ এখনো বিশুদ্ধ পানি সুবিধার বাইরে রয়েছে।