যুক্তরাজ্যফেরত যাত্রীদের কেউ চাইলে এখন থেকে নিজ খরচে রাজধানীর পাঁচতারকা র্যাডিসন ব্লু ঢাকা ওয়ারটার গার্ডেন হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে পারবেন।
সরকার নির্ধারিত আগের ২৪টি হোটেলের সঙ্গে নতুন করে পাঁচ তারকা এ হোটেলটি যুক্ত হয়েছে।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা সম্বলিত চিঠি জারি হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে লেখা ওই চিঠিতে বলা হয়, যুক্তরাজ্যে নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুত সংক্রমণশীল কোভিড-১৯ ভাইরাসের স্ট্রেইন শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সারাবিশ্বের সঙ্গে যুক্তরাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়।
বাংলাদেশে যাতে এ ভাইরাসের সংক্রমণ না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর এ সংক্রান্ত অনুশাসন দেন।
সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যফেরত যাত্রীরা, যারা সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে আগ্রহী নন তাদের জন্য নিজ খরচে হোটেলে অবস্থানের জন্য র্যাডিসন ব্লু ঢাকা ওয়ারটার গার্ডেন হোটেলকে নির্ধারণ করা হয়।