করোনাভাইরাসেরর ভয়াবহতা বিবেচনা করে পালাক্রমে অর্ধেক জনবল বা মাসিক নির্ধারিত কর্মঘণ্টা অর্ধেক করে ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা।
তাঁরা বলছেন, করোনা মহামারিকালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে তাঁরা স্বীকৃতি ও মর্যাদা পাননি।
কিন্তু দায়িত্ব পালন করছেন সম্মুখসারির যোদ্ধা হিসেবেই।
তার উপর আবার কাটা হয়েছে বেতন-ভাতা, আবার দায়িত্ব পালন করতে হয়েছে অতিরিক্ত কর্মঘণ্টা।
এই অবস্থায় ক্ষুব্ধ পাইলটরা নির্ধারিত কর্মঘন্টার বেশি দায়িত্ব পালন করতে চাচ্ছেন না।
তাঁদের মাসে নির্ধারিত কর্মঘন্টা হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইটে ৬০ ঘণ্টা ও আন্তর্জাতিক ফ্লাইটে ৭৫ ঘন্টা।
এসব বিষয়ে বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) পক্ষ থেকেও ১৬ এপ্রিল বিমান কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে তাঁদের হতাশা ও দাবির কথা জানানো হয়েছে।
পাইলটরা বলছেন, করোনা সংক্রমণের কারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রথমে অর্ধেক কর্মী দ্বারা অফিস পরিচালনা করতে সরকারি নির্দেশনা আছে। তেমনি তাঁদের ক্ষেত্রেও পালা করে দায়িত্ব পালন বা মাসিক নির্ধারিত কর্মঘণ্টা কমিয়ে আনা হোক।
পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার ক্ষেত্রে যথাযথ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও পরিবারের চিকিৎসা ভাতার ব্যবস্থা করা হোক।