ইহুদিবাদী ইসরায়েইল মার্কিন সরকারের কাছ থেকে আরও তিনটি উন্নতমানের এফ-৩৫ জঙ্গিবিমান পেয়েছে।
তিনটি জঙ্গিবিমান এরইমধ্যে আমেরিকা থেকে ইসরায়েলে এসে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির দিক দিয়ে ইসরায়েলকে অপ্রতিদ্বন্দ্বী রাখার লক্ষ্য নিয়ে মার্কিন সরকার তেল আবিবকে এসব জঙ্গিবিমান দিচ্ছে।
বিমান তিনটি রবিবার ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে অবতরণ করে। এ নিয়ে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলকে মোট ২৭টি এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করলো। ২০২৪ সালের মধ্যে আরো ২৩টি এফ-৩৫ জঙ্গিবিমান দেবে আমেরিকা।
গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের মন্ত্রিসভা আমেরিকার কাছ থেকে নতুন এফ-৩৫ ও এফ-১৬ জঙ্গিবিমান কেনার জন্য ৯০০ কোটি ডলারের বরাদ্দ দিয়েছে। এছাড়া বাজেটে সৈন্যবাহী হেলিকপ্টার, চারটি কেসি-৪৬ রিফুয়েলিং ট্যাংকার এবং হাজার হাজার বোমা ও গোলাবারুদ থাকবে।
সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা যখন বেশ কয়েকটি এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে তখন ইসরায়েলকে নতুন করে একই ধরনের জঙ্গিবিমান সরবরাহ করলো।
সূত্র: পার্সটুডে ও দ্য জেরুজালেম পোস্ট।