মহামারি কাটিয়ে পর্তুগালের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৮ মার্চের ঘোষণার ধারাবাহিকতায় ১ মে থেকে দেশটিতে জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, স্পেনের সঙ্গে বন্ধ থাকা বর্ডার খুলে দেওয়া হবে, রেস্টুরেন্ট, ক্যাফে, বেকারি সমূহ রাত ১০.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

রেস্টুরেন্টে এক‌ই টেবিলে ছয়জন ও বাইরে সর্বোচ্চ ১০জন বসতে পারবে, শপিংমল রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে, অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, সুপারমার্কেট সাধারণ দিনে রাত ৯টা এবং সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে জিম স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে, খোলা আকাশের নিচে সব ধরনের খেলাধুলা করা যাবে, ৫০ শতাংশ ধারণ ক্ষমতা ব্যবহার করে বিয়ে বা যেকোনো অনুষ্ঠান করা যাবে। সম্ভাব্য ক্ষেত্রে টেলিওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে।

করোনার সংক্রমণ পরিস্থিতি প্রতি ১৫ দিন পর পর পর্যালোচনা করা হবে। পরিস্থিতি ভালো থাকলে স্বাভাবিক কার্যক্রম চলবে,না হলে পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। সেই সাথে পর্তুগালের চলমান জরুরি অবস্থা আজ ৩০ এপ্রিল রাত ১২টায় শেষ হচ্ছে।

পর্তুগাল মহামারির কঠিন পরিস্থিতিতে শুধু ইউরোপ নয় বিশ্বের সবচেয়ে কম করোনা সংক্রমণ দেশগুলোর মধ্যে অন্যতম। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ৩৩ জন, মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৭৪ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.