বুধবার (১৯ মে) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফের ফোনালাপ হয়েছে।
হোয়াইট হাউসের মুখ্য উপ প্রেসসচিব কারিন জেন পিয়েরে জানিয়েছেন, দুই নেতার মধ্যে গাজার বর্তমান অবস্থা, হামাস ও অন্যদের সক্ষমতা হ্রাস করার ক্ষেত্রে ইসরায়েলের অগ্রগতি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আলাপকালে বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, তিনি যুদ্ধবিরতির পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করেন।
বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে গত এক সপ্তাহ ধরে বেশ কয়েকবার বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়েছে।
গত সোমবার (১৭ মে) হোয়াইট হাউস জানায়, বাইডেন যুদ্ধবিরতির ব্যাপারে সমর্থন দিয়েছেন।
জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১০ মে থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৫২ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে।
ইসরায়েলি বাহিনী বহু বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনকেও গুঁড়িয়ে দিয়েছে। এ পর্যন্ত গাজায় ৬৩ শিশু ও ৩৬ জন নারী সহ অন্তত ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।