বাংলাদেশ দলকে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে আপত্তিকর মন্তব্য করেছেন প্রতিপক্ষ ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাচ।
কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ সময় রাত আটটায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তার আগে সংবাদ সম্মেলনে ইগর বলেন, ফুটবল বিশ্বে কিছু বিরক্তিকর দল থাকে। যারা খুব কঠিনভাবে রক্ষণভাগ সামলে ও ভালো খেলে প্রতিপক্ষকে বিরক্ত করে। ঠিক যে কাজটি আমরা কাতারের বিপক্ষে করেছিলাম।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে হারতে হারতে শেষ মুহূর্তে গোল করে ১-১ ড্র করে ভারত। সেই ম্যাচের কথা ভালো করেই জানা আছে ভারতীয় কোচের।
তিনি বলেন, ফুটবলে প্রতিপক্ষ দলকে বিরক্ত করার জন্য আপনি সবকিছুই করার চেষ্টা করবেন। বিরক্ত করতে তাদের পাস দেওয়ার সুযোগ দেবেন না। গ্রুপে প্রতিটি পয়েন্টের জন্য বাংলাদেশ এই কাজই করছে। তারা যাই করে, দল হিসেবেই করে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দল ও সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচটি জয়ের জন্য যাচ্ছি। এর অর্থ এই নয় যে আমরা প্রতিপক্ষকে অসম্মান করছি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ২০২৩ এশিয়ান কাপে জায়গা করে নেওয়া।