আগামী বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ৯২টি দেশকে ৫০০ মিলিয়ন তথা ৫০ কোটি টিকা দিবে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাইডেন প্রশাসন। খবর আল জাজিরার।
আজ থেকে যুক্তরাজ্যে শুরু হতে যাওয়া ‘জি-৭’ এর সম্মেলনে ৫০ কোটি টিকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বাইডেন।
এই বিষয়টি নিয়ে মূলত ইউরোপের বড় বড় নেতাদের চাপের মুখে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
যে ৫০০ মিলিয়ন ডোজ টিকা বিশ্বের দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৯২ দেশকে দেওয়া হবে সেটার মূল্য পরিশোধ করবে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে ফাইজার/বায়োএনটেকের কাছ থেকে চলতি বছরেই ২০০ মিলিয়ন ডোজ কিনবে এবং বিভিন্ন দেশের মধ্যে সেগুলো বন্টন করবে।
আর ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ফাইজারের কাছ থেকে আরও ৩০০ মিলিয়ন ডোজ টিকা কিনবে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত দেশগুলোর মধ্যে বন্টন করবে।
এই দেশগুলোর অধিকাংশই হবে আফ্রিকান ইউনিয়নভুক্ত।