উড়ন্ত ফ্লাইটে এক যাত্রীর সঙ্গে বিমানের দুই কর্মী ও সহযাত্রীদের ধস্তাধস্তির ঘটনায় যুক্তরাষ্ট্রের ওকলাহামায় জরুরি অবতরণ করল লসঅ্যাঞ্জেলেস থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারের একটি বিমান।
পরে ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহামায় স্থানীয় সময় মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।
হঠাৎ করে এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দুজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে। তাকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘প্লেন নামিয়ে দেব!’
মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েকজন যাত্রী।
পরে সবাই মিলে কাবু করেন ওই অবাধ্য যাত্রীকে।
এরই মধ্যে পাইলট প্লেনটিকে ওকলাহামা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান। সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।
পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, ওই যাত্রীর কিছু মানসিক সমস্যা রয়েছে।
তিনি ওই বিমান সংস্থারই ছুটিতে থাকা কর্মী। বয়স কুড়ির কোঠায়।
তবে এ ঘটনায় বিমানের কোনো যাত্রী আহত হননি।