পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপহারের এ আমগুলো ঈদুল আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন।
ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
