বিমান ছিনতাইয়ের হুমকির জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কলকাতা বিমানবন্দরে।
সুরক্ষা ব্যবস্থায় যেন কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করা হচ্ছে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি এ তথ্য জানিয়েছে।
জানা যায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করেন।
এসময় তিনি এয়ার ইন্ডিয়ার একটি প্লেন ছিনতাইয়ের হুমকি দেন।
কলকাতা বিমানবন্দরের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, স্থানীয় কেউ একজন এয়ার ইন্ডিয়ার স্টেশন ম্যানেজারকে ফোন করে প্লেন ছিনতাইয়ের হুমকি দেন।
বিষয়টি সঙ্গে সঙ্গে ভারতের বেসামরিক বিমান পরিবহনের নিরাপত্তা বিভাগ ও স্থানীয় পুলিশকে জানানো হয়।
খবর পাওয়ার পরপরই হুমকিদাতার বিষয়ে তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ।
প্রাথমিক তদন্তের পর দেখা যায়, যে লোক ফোন করেছিলেন তিনি মানসিক ভারসাম্যহীন।