আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ জন্য দক্ষিণ এশীয় দেশটিতে আটকেপড়া মার্কিনিদের কাবুল বিমানবন্দরে যেতে নিষেধ করেছে তারা।
শনিবার এক সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকেরা যেন কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকেন।
বিমানবন্দরের গেটের বাইরে নিরাপত্তাজনিত হুমকি রয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, যেসব ব্যক্তি মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে যাত্রা করবেন, কেবল তারাই কাবুল বিমানবন্দরে যেতে পারেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিকল্প রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন।
অবশ্য কোনো জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকেই এখন পর্যন্ত প্রকাশ্যে কাবুলে হামলার হুমকি আসেনি। সেখানে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্যও জানায়নি মার্কিন প্রশাসন।