একদা একসময় পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল ইরানের উর্মিয়া হ্রদের ছোট দ্বীপগুলো।
মাত্র দুই দশক আগেও উর্মিয়া ছিল মধ্যপ্রাচ্যের বৃহত্তম পর্যটক মুখরিত হ্রদ।
অথচ জলবায়ু পরিবর্তনের কারণে হ্রদটি শুকিয়ে লবণাক্ত সমতলভূমিতে রূপান্তরিত হচ্ছে এবং ফেরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
ইরানের পশ্চিম আজারবাইজান অঞ্চলের প্রাকৃতিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, উর্মিয়া হ্রদটি পাঁচ হাজার ৪০০ বর্গকিলোমিটার (দুই হাজার ৮৫ বর্গমাইল) থেকে শুকিয়ে মাত্র দুই হাজার ৫০০ বর্গকিলোমিটার (৯৬৫ বর্গ মাইল) হয়ে গেছে।
স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, হ্রদটি পুরোপুরি শুকিয়ে যেতে পারে।
ইরানের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই সমস্যা দেখা দিয়েছে।
বস্তুত দেশগুলোতে পানির সরবরাহ শেষ হয়ে যাচ্ছে।
এই অঞ্চলটি বেশ কিছুদিন ধরে বিরামহীন খরা ও উচ্চ পর্যায়ের তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে।
এ ধরনের বৈরী পরিবেশে জীবনধারণ করা প্রায় অসম্ভব।