আফগানিস্তান থেকে পালানোর পথে এক নারী যুক্তরাষ্ট্রের এক উদ্ধারকারী সামরিক বিমানে সন্তান প্রসব করেছেন।
এই আফগান শিশুর নাগরিকত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
ঐ আফগান প্রসূতি তার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক বিশেষ ফ্লাইটে কাবুল থেকে কাতার হয়ে জার্মানির রামস্টিন বিমানবন্দরে যাচ্ছিলেন।
বিমানেই তার প্রসব বেদনা শুরু হয়।
তার পরিস্থিতি সংকটজনক হয়ে পড়লে বিমানটি অবতরণের পর রামস্টিন বিমানবন্দরে মার্কিন সামরিক চিকিৎসা কর্মীরা ঐ নারীকে সন্তান প্রসবে সহায়তা করেন।
এরপর মা ও নবজাতক কন্যা শিশুকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
দুই জনেই সুস্থ রয়েছে বলে কর্মকর্তারা জানান।
এদিকে আকাশে জন্ম নেওয়া ঐ শিশুর নাগরিকত্ব কী হবে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
কেউ কেউ বলছেন, শিশুটি যেহেতু মার্কিন পতাকাবাহী এবং যুক্তরাষ্ট্রে নিবন্ধন করা সামরিক বিমানে জন্মগ্রহণ করেছে সেজন্য তার মার্কিন নাগরিকত্ব পাওয়া উচিত। আরেক পক্ষ বলছেন, যেহেতু বিমানটি জার্মানিতে অবতরণের পর শিশুটি ভূমিষ্ঠ হয়েছে, তাই জার্মান নাগরিকত্বই তার প্রাপ্য।