হোক তা ক্রিকেটের সবচেয়ে ছোট্ট ফরম্যাট, তারপরও বিশ্বকাপ।
নামেই একটা অন্যরকম মাহাত্ম্য আছে।
অথচ এমন এক মহাযজ্ঞ তথা ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশ দলের নেই কোনো টিম লিডার।
নির্বাচক হাবিবুল বাশার, সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আর ক্রিকেট অপস ম্যানেজার সাব্বির খানই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে টিম বাংলাদেশের অভিভাবক হিসেবে গেছেন।
সঙ্গে একঝাঁক বিদেশি কোচিং স্টাফ তো আছেনই।
টিম বাংলাদেশের পুরো কোচিং স্টাফই ভিনদেশিদের দিয়ে গড়া।
তারপরও মাঝে একটা রীতি তৈরি হয়ে গিয়েছিল, দলের সাথে বোর্ডের সিনিয়র কাউকে টিম লিডার করে বিদেশে পাঠানো।
গত নিউজিল্যান্ড সফরে টাইগারদের দলনেতা হয়ে গিয়েছিলেন বিসিবি সিনিয়র পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস। জিম্বাবুয়ে সফরে দলনেতা ছিলেন আরেক অন্তঃপ্রাণ ক্রিকেট সংগঠক ও বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।
শ্রীলঙ্কা সফরে দলের পরামর্শক ছিলেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠেও ছিলেন সুজন। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনো টিম লিডার ছিল না বাংলাদেশ দলের।