করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মুখে ইউরোপ আবারও মহামারির কেন্দ্র হয়ে উঠেছে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুজ বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে আগামী ফেব্রুয়ারি নাগাদ মহাদেশটিতে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
এর জন্য টিকাদানে ধীরগতিকে দায়ী করেছেন তিনি।
ক্লুজ বলেন, আজ ইউরোপ ও মধ্য এশিয়ার প্রতিটি দেশই করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির হুমকিতে পড়েছে অথবা এরই মধ্যে এর বিরুদ্ধে লড়াই করছে।
এ অঞ্চলের ৫৩টি দেশেই করোনা সংক্রমণের গতি অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রতিক্রিয়া থেকে শুরু করে সেটি প্রতিরোধে আমাদের অবশ্যই কৌশল পরিবর্তন করতে হবে।