নারী শিক্ষায় তালেবানের নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী মালালা ইউসুফজায়ী।
মালালা বলেন, মেয়েদের শিক্ষায় তালেবানের নিষেধাজ্ঞা সাময়িক নাও হতে পারে।
মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ করে দিতে আহ্বান জানিয়ে বিবিসির অ্যান্ড্রু মার শোতে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এই নারী অধিকারকর্মী বলেন, আমার আশঙ্কা—আজকে যে নিষেধাজ্ঞাকে তারা অস্থায়ী বলছেন—তা সম্ভবত অস্থায়ী না।
১৯৯৬ সালেও এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যা পাঁচ বছর স্থায়ী হয়েছিল।
গেল আগস্টে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান।
ছেলেদের স্কুল খুলে দেওয়া হলেও এখন পর্যন্ত মাধ্যমিক স্কুল মেয়েদের জন্য উন্মুক্ত করা হয়নি।
তবে ইসলামিক আইন অনুসারে আলাদা শিক্ষার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার পর মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়ার কথা জানিয়েছে তালেবান।