এক বছরের বেশি সময় ধরে আন্দোলন ও প্রাণহানির পর বিতর্কিত কৃষি আইন থেকে কেন পিছু হটলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই প্রশ্ন ভারতজুড়ে।
এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে চুলচেড়া বিশ্লেষণ।
এত দিন অনড় অবস্থানে থেকেও এখন মোদির পিছু হটার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন অনেকে।
দেশটির রাজনীতি বিশ্লেষকরা বলছেন, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে ভোটে জিততেই মোদির এ কৌশল।
গত বছরের সেপ্টেম্বরে তীব্র বিরোধিতা সত্ত্বেও বিতর্কিত তিনটি কৃষি আইন পাস করে ভারতের মোদি সরকার।
বাজার উন্মুক্ত করার লক্ষ্যে প্রণীত তিন কৃষি আইন পাঞ্জাব ও উত্তর প্রদেশে অভূতপূর্ব বিক্ষোভের আগুন উসকে দিয়ে মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ খাড়া করেছিল।
শিখ সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাবে কৃষক ও সুশীল সমাজ রাজপথে নামলে তা উত্তর প্রদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
দিল্লি ঘেরাও এবং ভারত বনধ-এর মতো কঠোর আন্দোলনেও মন ভেজেনি মোদি সরকারের। বরং বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেছেন বিজেপি নেতারা।
অনড় মনোভাব দেখালেও নজিরবিহীন ‘ধরা খাওয়া’ বিজেপি শেষ পর্যন্ত আন্দোলকারীদের কাছে মাথানত করল।