ভারতের রাজধানী নয়াদিল্লি প্রতি বছরই ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
গত সপ্তাহে দিল্লির দুই কোটি মানুষের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব পড়েছে।
ফলে সব স্কুল-কলেজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
এরই মধ্যে সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর একটি তালিকা সামনে এসেছে।
ওই তালিকায় বিশ্বের ১০০ দূষিত শহরের মধ্যে তিন দেশেই রয়েছে ৯৪টি।
এরমধ্যে আবার ৪৬টিই ভারতের।
তাছাড়া চীনে রয়েছে ৪২টি, পাকিস্তানে ৬টি, বাংলাদেশে ৪টি, ইন্দোনেশিয়ায় ও থাইল্যান্ডে একটি করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যে, এই শহরগুলোতে বাতাসে ক্ষতিকর কণা পিএম২.৫-এর মাত্রা ৫০-এর বেশি।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ ১০টি শহরের মধ্যে ৯টিই ভারতের।
পশ্চিম চীনের জিনজিয়াংয়ের হোতান এলাকায় বাতাসের গুণগত মান সবচেয়ে খারাপ ছিল ২০২০ সালে।
বাতাস কতটা দূষিত তা মূলত পরিমাপ করা হয় পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডের মাত্রা দ্বারা।
এসব ক্ষতিকর পদার্থের পরিমাণ বাতাসে যতো বেশি হবে দূষণের মাত্রা তত বাড়বে।