পরিচালনা পর্যদের এক প্রশাসনিক আদেশ নিয়ে তোলপাড় উঠেছে বিমানে। প্রতিষ্ঠানটিতে কর্মরত পাইলটদের (ককপিট ক্রু) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (চাকরিচ্যুতসহ) নিতে এই আদেশ দেওয়া হয়। খবর সংশ্লিষ্ট সূত্রের। ২৮ নভেম্বর বিমানের পরিচালক (প্রশাসন) জিয়া উদ্দিন আহমেদ পর্ষদের বরাত দিয়ে ওই প্রশাসনিক আদেশ জারি করেন।
প্রশাসনিক আদেশ নম্বর ৩৭/২০২১-এ বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টিকারী ককপিট ক্রুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক চাকরি থেকে অপসারণ, অবসায়ন ও বিভাগীয় কার্যক্রম গ্রহণপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে ক্ষমতা প্রদান করা হলো।’ বিমান পরিচালনা পর্ষদের ২৬৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে পরিচালক জিয়া উদ্দিন আহমেদ আদেশে উল্লেখ করেন।
২৪ নভেম্বর প্রশাসনিক আদেশটি টাইপ করা হলেও তাতে তিনি স্বাক্ষর করেন ২৮ নভেম্বর। আর আদেশ জারির পরদিনই বিমানের সিনিয়র পাইলট ও বাপা সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে চাকরিচ্যুত করা হয়।
এদিকে কোনো ধরনের অগ্রিম নোটিশ, কারণ দর্শানোর চিঠি কিংবা কোনো ধরনের অভিযোগ আনা ছাড়া হঠাৎ একজন পাইলটকে চাকরিচ্যুতির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে বিমানে। ক্যাপ্টেন মাহবুবুর রহমান জানান, কোনো ধরনের কারণ ছাড়া তাকে চাকরিচ্যুতির ঘটনায় তিনি হতবাক। ফ্লাইট থেকে ফিরে এসে তিনি জানতে পারেন তাকে টার্মিনেট করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি আদালতে যাবেন বলেও জানান। তিনি বলেন, আমাকে কী কারণে চাকরিচ্যুত করা হয়েছে, এটাও আমি জানি না। এটা মানবাধিকার লঙ্ঘন।
বিশেষজ্ঞরা বলেছেন, যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইচ্ছা করলেই প্রশাসনিক ব্যবস্থা হিসাবে অধস্তন যে কোনো কর্মীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারেন। যে কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণ, অবসায়ন ও বিভাগীয় কার্যক্রম গ্রহণ করতে পারেন। এজন্য পরিচালনা পর্যদ থেকে সিইওকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে অফিশিয়াল সিদ্ধান্ত গ্রহণের দরকার হয় না।
তাছাড়া বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পরও একমাত্র বিমানের পাইলটরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্লাইট পরিচালনা করেছেন। যখন বিমানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা ঘরে বসে অফিস করেছেন, তখনও পাইলটরা ঘরের বাইরে বের হয়ে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পরা প্রবাসীদের উদ্ধার করে দেশে এনেছেন।
করোনাকালীন বিমানের এমডিসহ একাধিক পরিচালকের এক টাকাও বেতন কর্তন করা হয়নি, তখনও পাইলটদের গড়ে ২০ থেকে ৭০ শতাংশ বেতন কর্তন করা হয়েছে। এরপরও শুধু পাইলটদের বিরুদ্ধে একতরফা এরকম প্রশাসনিক আদেশ দেওয়া কতটা যুক্তিযুক্ত হয়েছে, সেটা পরিচালনা পর্ষদই ভালো জানেন।
বিমান এমডি ড. আবু সালেহ মোস্তফা কামাল পরিচালনা পর্যদের আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন ২৬৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুত্র-যুগান্তর