মধ্যপ্রাচ্য সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গতকাল শনিবার সৌদি আরব পৌঁছেছেন।
২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সৌদি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর ম্যাখোঁই প্রথম কোনো গুরুত্বপূর্ণ পশ্চিমা নেতা যিনি সৌদি আরব সফর করছেন।
এ সফরে আরো কয়েকটি দেশে যাবেন তিনি।
সৌদি সফরে ম্যাখোঁর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ হয়।
জামাল খাসোগি হত্যাকাণ্ডে সালমানের কথিত ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে।
ম্যাখোঁ মনে করেন, মধ্যপ্রাচ্য থেকে পশ্চিম আফ্রিকা পর্যন্ত উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদ রুখতে এবং মুসলিম ব্রাদারহুডের প্রভাব বন্ধে সৌদি আরবের ভূমিকা রয়েছে।
ম্যাখোঁর পূর্বসূরি ফ্রাঁসোয়া ওলাদের সময় রিয়াদের সঙ্গে প্যারিসের সম্পর্ক উষ্ণ থাকলেও ফ্রান্স ওই সময় ব্যবসা পুনরুদ্ধার করতে পারেনি।
ফ্রান্স সৌদি আরবের অস্ত্রের অন্যতম জোগানদাতা।
ইয়েমেনের ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহী দমনে সৌদি নেতৃত্বাধীন সুন্নি সামরিক জোটের অভিযানে সৃষ্ট মারাত্মক মানবিক বিপর্যয় বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে।
সেই কারণে সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করার নীতি পুনর্মূল্যায়নের জন্য ফ্রান্সের ওপর চাপ রয়েছে।