প্রেমিকা রাগ করেছে, তার মান ভাঙাতে দরকার দামি উপহার!
এ জন্য দিনদুপুরে ডাকাতির দুঃসাহস দেখাতে গিয়েছিলেন এক যুবক, সঙ্গে ছিল দুই বন্ধু।
তারা প্রাথমিক লক্ষ্যটুকু পূরণ করতে পারলেও শেষরক্ষা হয়নি, পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে সবাইকে।
উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া সব মালামালও।
সম্প্রতি চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সারোজিনি এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, তিন অভিযুক্তের নাম শুভম (২০, আসিফ (১৯) এবং শরিফুল মোল্লা (৪১)।
পুলিশ জানিয়েছে, তারা অপরাধীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ জোগাড়ের চেষ্টা করেছিল।
কিন্তু ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা ছিল না।
তবে ভুক্তভোগী জানান, ডাকাতির সময় এক ডাকাত তাদের একজনকে শুভম নামে ডেকেছিল।
এরপর শুভম নামে অপরাধীদের প্রায় ১৫০টি ফাইল পরীক্ষা করে পুলিশ এবং শেষ পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করে।
জিজ্ঞাসাবাদে শুভম জানান, গত জুলাইয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের জন্য গ্রেফতার হয়েছিলেন তিনি এবং নভেম্বরে ছাড়া পান।
কারাগারে থাকার সময় আসিফের সঙ্গে বন্ধুত্ব হয় শুভমের এবং ছাড়া পাওয়ার পর তারা আবারও দেখা করেন।