এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আনছে ইসরায়েল

মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আনার বিষয়ে প্রস্তাব দিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববারের ওই প্রস্তাবের সঙ্গে বেশ কয়েকটি ইউরোপীয় দেশকে কোভিড রেড লিস্টে রাখার কথাও জানানো হয়।
করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর এএফপির।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, তার দেশ কোভিড-১৯ ভাইরাসের পঞ্চম ঢেউয়ের মধ্যে আছে।
তিনি বলেন, এরই মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টও এসে পড়েছে।
মন্ত্রিসভার একটি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন নাফতালি বেনেট।

এর আগে বেনেট জোর দিয়ে বলেছিলেন যে, তিনি আরও লকডাউন এড়াতে ভ্রমণে বিধিনিষেধ জারি রাখবেন।
তিনি বলেন, গত মাসে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার পর পরই ভ্রমণে বিধিনিষেধ জারি করে সঠিক পদক্ষেপ নিয়েছে তার দেশ।

ইউরোপের দেশগুলো হয় আবারও লকডাউন জারি করেছে বা এই পথেই আছে এমন কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের জন্য সময় শেষ হয়ে যাচ্ছে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবনায় অনুমোদন দেন ইসরায়েলের আইনপ্রণেতারা।
ওই প্রস্তাবনায় ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, ফিনল্যান্ড, সুইডেন এবং আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক এবং বাসিন্দাদের ভ্রমণে নিষেধাজ্ঞা আনা হয়েছে। একই ধরনের নিষেধাজ্ঞা আনা হচ্ছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.