উত্তর গ্রিসের প্রাচীন ভেরিয়ার একটি প্রত্নতাত্ত্বিক স্থান খুঁড়ে প্রাচীন রোমান যুগের একটি অসমাপ্ত মূর্তি পাওয়া গেছে।
গ্রিসের সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে গ্রিক মিডিয়া এ তথ্য জানায়।
ধারণা করা হচ্ছে, মূর্তিটিতে একটি ঐশ্বরিক সত্তাকে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে।
প্রায় এক মিটার লম্বা মার্বেল পাথরের মূর্তিটি আংশিকভাবে সম্পূর্ণ।
এটির মাথার অংশের কাজ সম্পন্ন নয়।
মনে করা হচ্ছে, এটি একজন যুবক ক্রীড়াবিদকে চিত্রিত করেছে, আংশিক পোশাক পরিহিত।
সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, মূর্তিটি ‘খুব দক্ষ কারিগর’-এর কাজ।
গ্রিক দেবতা অ্যাপোলো বা হার্মিসের মূর্তির সঙ্গে বেশ মিল।
মূর্তিটি এদের কারো কি না, তা স্পষ্ট নয়।
তবে এর আবিষ্কার এবং এই মিলগুলো ঐতিহাসিকদের জন্য গুরুত্বপূর্ণ।
কেননা গবেষকরা এটিকে নতুন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করবেন।
মূর্তিটি প্রাচীন মেসিডোনিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত শহর প্রাচীন ভেরিয়ার মধ্যখানে অ্যাজিওস পাতাপিওসের কাছে পাওয়া যায়।
শহরটির একটি সমৃদ্ধ ইতিহাস আছে।
১৬৮ খ্রিস্টাব্দে রোমানদের অধীনে আসার পর রোমান সম্রাট ডায়োক্লেটিয়ান এটিকে মেসিডোনিয়া প্রদেশের দুটি রাজধানীর একটি হিসেবে মনোনীত করেন।
শহরটি বেরিয়া নামেও পরিচিত।
শহরটির বাইবেলেও গুরুত্ব আছে।
নিউ টেস্টামেন্ট বুক অব অ্যাক্টস-এ বর্ণিত আছে—শহরটি একসময় একটি ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল ছিল।
বিবরণ অনুসারে, প্রেরিত পল এ শহরে বসবাসকারী ইহুদি ও গ্রিকদের কাছে ধর্ম প্রচার করতে যান।