ইরানের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে দেশটি বিভিন্ন সামরিক সংগঠন গড়ে তুলেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী সেনাপ্রধান মাইকেল কুরিলা।
এ জন্য ইরানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি উল্লেখ করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরতে উভয় পক্ষ একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেও দেশটির চলমান পরমাণু কর্মসূচির কারণে তা ভেস্তে যেতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সব রণসরঞ্জাম নির্মাণ করে যাচ্ছে ইরান। অন্যদিকে, নিষেধাজ্ঞা সত্ত্বেও পুরোদমে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ পশ্চিমাদের।
তবে পরমাণু কর্মসূচির পাশাপাশি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন ও শক্তিশালী নৌবাহিনী এবং এসব ক্ষেত্রে ইরানের শক্তিমত্তা যে বেড়েই চলেছে, তা স্বীকার করেছেন খোদ মার্কিন সেনা কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাছাই করা যুক্তরাষ্ট্রের পরবর্তী সেনাপ্রধান হতে যাচ্ছেন জেনারেল মাইকেল কুরিলা।
সিনেটে সশস্ত্র বাহিনীসংক্রান্ত কমিটিতে নিজের যোগ্যতা যাচাইসংক্রান্ত বৈঠকে ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন তিনি।
মাইকেল কুরিলা বলেছেন, ইরান নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি গ্রুপ বা সামরিক সংগঠন গড়ে তুলেছে, যা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অনেক বড় হুমকিতে পরিণত হয়েছে। ইরানের স্বল্প, মধ্যম ও দূরপাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এ অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
আরও খবর