গ্রাহকের টাকা ফেরত দিয়ে ব্যবসায় ফিরলে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আস্থায় ফিরতে পারবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান।
বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস, বাংলাদেশ ডিল ও আনন্দ বাজারের প্রতারিত গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া হয়।
সফিকুজ্জামান বলেন, অনেক ই-কমার্স প্রতিষ্ঠান অফিস বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে। তারা যদি গ্রাহকের টাকা শোধ করে ব্যবসায় আসে তাহলে আস্থার জায়গাটা ফিরে আসবে।
ই-কমার্স ইন্ড্রাস্টির সামনে যে গ্রোথ আছে, যে পরিকল্পনা আছে সেটি নিয়ে আমরা কাজ করছি।
কিউকমের এখন পর্যন্ত ২৩ কোটি টাকা ফেরত দিয়েছে।
দু’একদিনের মধ্যে আরও ৩৫ কোটি টাকা চলে যাবে।
তাহলে কিউকমের ৬০ কোটি টাকার মধ্যে ৫৭ কোটি টাকার মতো পরিশোধ হয়ে যাবে, বাকি কিছু থাকতে পারে।
তাদের একশ কোটি টাকার প্রোডাক্ট আছে সেগুলোও প্রক্রিয়া করা যাবে।
