আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক উপায়ে বিএনপিসহ যেকোনো রাজনৈতিক দলকেই জনগণের আদেশ নিয়ে ক্ষমতায় যেতে হবে।
তাই তিনি আবারও নির্বাচন পরিহারের যে ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে বিএনপি, তা থেকে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দফতরে ব্রিফিংকালে বিএনপির নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি।
এ সত্য আজ দিবালোকের মতো স্পষ্ট যে, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সময়ের পরিবর্তনের সঙ্গে জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তন বুঝতে সক্ষম হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ বা দেশের জনগণ আর সেই আগের অবস্থানে নেই যে, চাইলেই কেউ ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ছিনতাই করে নেবে।
গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পন্থা হলো সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।