অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে ইমরান খানকে।
তিনিই দেশটির প্রথম প্রধানমন্ত্রী যাকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হলো।
এদিকে ইমরান খানের বিদায়ের ঘটনায় বেশ খুশি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরীফ।
রোববার এক বিবৃতিতে মরিয়ম নওয়াজ স্বস্তি প্রকাশ করে বলেন, পাকিস্তানের খারাপ সময় শেষ।
এক টুইট বার্তায় তিনি বলেন, আমার প্রিয় পাকিস্তানের দুঃস্বপ্নের সময় শেষ।
এখন সময় ঘুরে দাঁড়ানোর এবং সব কিছু ঠিক করার।
তিনি আরও বলেন, পাকিস্তানের ইতিহাসের কালো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে মাথা নত করি এবং তার নির্দেশনা মেনে চলি ও সাফল্যের জন্য প্রার্থনা করি।
এই লোকটি (ইমরান খান) আমাদের স্বদেশের ক্ষতি সাধনের চেষ্টা করেছিল।