নজিরবিহীন অর্থনৈতিক সংকট মোকাবিলায় চলতি বছরে শ্রীলঙ্কার প্রয়োজন তিনশ থেকে চারশ কোটি ডলার।
সাহায্য পেতে দেশটি এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক করার পরিকল্পনা ঠিক করেছে।
দ্বীপ রাষ্ট্রটির অর্থমন্ত্রী আলী সাবরি এ তথ্য জানিয়েছেন।
আইএমএফের সঙ্গে বৈঠকে ভালো কিছুর প্রত্যাশা জানিয়ে সাবরি বলেন, ১৮ এপ্রিল ওয়াশিংটনে আলোচনা হবে।
সব কিছু ঠিক থাকলে শিগগিরই সহায়তা আসবে বলেও প্রত্যাশা করেন তিনি।
সংসদে গোতাবায়ে রাজাপাকসের এখনো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির কাছে আমাদের আবেদন হলো যত তাড়াতাড়ি সম্ভব অর্থ ছাড় দেওয়া।
আইএমএফ ছাড়াও অন্যান্য দাতা ও সরকার থেকে কিছু সহায়তা আসবে বলেও জানিয়েছেন তিনি।