ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
সচেষ্ট রাখা হয়েছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক টিম, রেডক্রিসেন্ট, স্কাউট, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে।
মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার, সুপেয় পানি মজুত রাখা, উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ স্থানে আনার পূর্ব প্রস্তুতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
চোখ-কান খোলা রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, পৌর কাউন্সিলর সালাহউদ্দিন সেতু ও অন্যান্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।