২০২২ সালে বিশ্বজুড়ে যেসব মুদ্রার মান সবচেয়ে শক্তিশালী হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে রাশিয়ার মুদ্রা রুবল।
গত এক বছরে ডলারের বিপরীতে ৩০ শতাংশ শক্তিশালী হয়েছে রুবল। অথচ ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ তাদের মিত্র রাষ্ট্ররা।
করোনা পরবর্তী অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়ে বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোসহ সারা বিশ্বই যেখানে মুদ্রাস্ফীতি ও মন্দায় আক্রান্ত সেখানে একটি পুরোদস্তুর যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি পশ্চিমাদের কঠোর অবরোধ মোকাবিলা করে রাশিয়ার মুদ্রা রুবলের এ অগ্রযাত্রা বিশ্বের অর্থনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে।
প্রশ্ন হলো এত জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও মস্কো কীভাবে তাদের মুদ্রা রুবলকে আরও শক্তিশালী করতে সক্ষম হলো?
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর অনেকেই ভেবেছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনে সেনা পাঠাবে। কিন্তু পুতিনের সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে সে রাস্তায় পা না বাড়িয়ে রাশিয়াকে অন্যভাবে কোনঠাসা করার পরিকল্পনা আঁটে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব।
পুতিনকে হঠাতে অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করার পরিকল্পনা নেয় তারা। এর অংশ হিসেবে রাশিয়ার ওপর সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলো। পাশাপাশি পশ্চিমা দেশগুলোতে থাকা রাশিয়ার রাষ্ট্রীয় ও ব্যক্তি পর্যায়ের বিপুল পরিমাণ সম্পদও জব্দ করা হয়। নিষেধাজ্ঞা দেয়া হয় রাশিয়ার আমদানি ও রফতানির ওপর।
তবে রাশিয়ার অর্থনীতিকে ধসিয়ে দিতে পশ্চিমাদের মূল টার্গেট ছিল রুশ মুদ্রা রুবল। রুবলের মানকে মূল্যহীন করতে আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেল সুইফট থেকে বের করে দেয়া হয় রাশিয়ার প্রধান প্রধান প্রায় সব ব্যাংককে। ফলে আন্তর্জাতিক লেনদেন থেকে প্রায় একঘরে হয়ে পড়ে মস্কো।
কিন্তু এর পরপরই পশ্চিমাদের অর্থনৈতিক যুদ্ধের জবাবে একের পর এক পাল্টা চাল দেয়া শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা সব বিশ্লেষণ ও প্রোপাগান্ডাকে অকার্যকর করে সফল হতে শুরু করে মস্কোর এ সব অর্থনৈতিক পদক্ষেপ। দ্রুত হারানো শক্তি ফিরে পেতে শুরু করে রুবল। এক পর্যায়ে রুবল পৌঁছে যায় ইউক্রেন যুদ্ধের আগের পর্যায়ে।
কিন্তু রুবলের উত্থান সেখানেই থেমে থাকেনি। ডলারের বিপরীতে গত সাত বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রুবল। বর্তমানে এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৫৭ রুবল। এভাবে মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রতি ডলারের বিপরীতে ১৪৩ থেকে ৫৭ রুবলে উঠে আসাকে অনেকটা মিরাকল বলেই মনে করছেন বিশ্লেষকরা।