সিলেটের সবচেয়ে বন্যাকবলিত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে পানি কমতির দিকে।
গোয়াইনঘাটে পানি নামছে ধীরে।
বিয়ানীবাজার ও বিশ্বনাথ উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত।
কুশিয়ারায় পানি বাড়ায় আরো প্লাবিত জকিগঞ্জ।
সুনামগঞ্জেও পানি কমছে।
উপদ্রুত এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সরকারি-বেসরকারিভাবে এসব দুর্গত মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে।
তবে প্রত্যন্ত এলাকায় বাড়িতে আটকে থাকা অনেকে বলছে, তারা ত্রাণ খুব একটা পাচ্ছে না।
এ ছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, রাজবাড়ী ও ফরিদপুরের অনেক এলাকা বন্যাকবলিত।
কোথাও কোথাও পানি বাড়ছে।
দুর্গত এলাকায় সরকারি-বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এবারের বন্যায় এখন পর্যন্ত দেশের ৫৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কৃষিমন্ত্রী বলেন, সুনামগঞ্জ ও সিলেটে ২২ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন বন্যা কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, মৌলভীবাজারসহ অনেক জেলায় ছড়িয়ে পড়েছে।
এতে এখন পর্যন্ত সারা দেশে প্রায় ৫৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া শাক-সবজি, তিল, বাদাম প্রভৃতি ফসলের ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, এ বন্যার কারণে দেশে খাদ্যসংকট হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।