যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, রোববার (৭ আগস্ট) রাত সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসলামিক জিহাদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর রকেট হামলার জবাবে এ হামলা চালাচ্ছে। খবর আল-জাজিরার।
গত শুক্রবার (৫ আগস্ট) থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে একটানা বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। জবাবে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ রকেট ছুড়ছে।
প্যালেস্টাইন ইসলামিক জিহাদ হচ্ছে গাজা উপত্যকার দুটি প্রধান গোষ্ঠীর একটি। ক্ষমতাসীন হামাস গোষ্ঠীর এটি অপেক্ষাকৃত ছোট। গোষ্ঠীটি ইরানের থেকে সরাসরি আর্থিক ও সামরিক সমর্থন পায়।
ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু ও চার নারী রয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৩১১ জন। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডারও রয়েছে।
শুধু হতাহতই নয়, বিমান হামলায় গাজা উপত্যকার বেশ কয়েকটি আবাসিক ভবন মাটিতে মিশে গেছে। বিপরীতে গাজা থেকে ছোড়া রকেট হামলায় ইসরাইলের দুই নাগরিক আহত হয়েছে। এছাড়া কিছু ইসরাইলি তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
তিন দিনের তীব্র সংঘাতের পর রোববার (৭ আগস্ট) মিসরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয় উভয় পক্ষ। যুদ্ধবিরতি কার্যকর হয় এদিন রাত সাড়ে আটটা থেকে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের কার্যালয়।
তবে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মিনিট পরই এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ইসরাইলি ভূখণ্ডের দিকে রকেট ছোড়ার জবাবে ইসলামিক জিহাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে সেনারা।’
গত বছর মে মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেবারও মিসরের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ১১ দিন পর কার্যকর হয় যুদ্ধবিরতি। ওই যুদ্ধে শতাধিক নারী ও শিশুসহ ফিলিস্তিনের অন্তত ২৪০ জন নিহত হয়।
গত বছরের ন্যায় এবারও সংঘাত নিরশনে মধ্যস্থতা করছে মিসর। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, সহিংসতার অবসানে মিসরীয় কর্মকর্তারা উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
রোববার ছিল সংঘাতের তৃতীয় দিন। এদিনও উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে। ইসলামিক জিহাদ জেরুজালেমের উদ্দেশে দুটি রকেট ছোড়ে। তবে রকেট দুটি গুলি করে ভূপাতিত করে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ‘গাজা উপত্যকায় ইসলামিক জিহাদ গোষ্ঠীটির সামরিক শাখার সব সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছে।’
এদিকে গাজায় চলমান সহিংসতার জন্য ইসরাইলকে দায়ী করেছে রাশিয়া। চ্যানেল টুয়েলভ টেলিভিশন জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, সহিংসতা বৃদ্ধি ঠেকানো ও অবিলম্বে টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে রাশিয়া।