রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ১৭০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র আরো ১৭ কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস।

গতকাল বৃহস্পতিবারের ওই ঘোষণায় বলা হচ্ছে, মিয়ানমারের অভ্যন্তর ও বাইরে থাকা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরো ১৭ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৫৫ কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নতুন এই আর্থিক সহায়তার মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দেয়া মোট ূউসহায়তার পরিমাণ প্রায় ১৯০ কোটি ডলারে পৌঁছেছে।

আরো বলা হয়, এবারের অতিরিক্ত মানবিক সহায়তার মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৯ কোটি ৩০ লাখ ডলার এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি থেকে ৭ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্য থেকে ১৩ কোটি ৮০ লাখ ডলার বাংলাদেশে ৯ লাখ ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেয়া ৫ লাখ ৪০ হাজারেরও বেশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানের টেকসই উন্নয়নে ব্যয় হবে। তারা খাদ্য, নিরাপদ পানীয়, স্বাস্থ্যসেবা, সুরক্ষা, শিক্ষা, আশ্রয় ও মনোসামাজিক সহায়তা পাবেন।

মিয়ানমারের সহিংসতার কারণে বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহায়তা বাড়াতে ওই বিজ্ঞিপ্তিতে অন্য দাতাদের প্রতিও অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশসহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা রোহিঙ্গা সঙ্কটের সমাধান খুঁজে পেতে বাংলাদেশ সরকার, রোহিঙ্গা ও মিয়ানমারের অভ্যন্তরে থাকা জনগণের সঙ্গে কাজ করছি। যাতে করে মিয়ানমারের উপযুক্ত পরিবেশ তৈরি হলে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে ফিরে যেতে ও পুনঃএকত্রীকরণ করতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.