বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

প্রতি বছরের মতো এ বছরও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’।

 

গত রবিবার ২০২৩ সালের জন্য প্রকাশিত তালিকায় শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের নাম ধারাক্রমে উল্লেখ করা হয়। অবশিষ্ট ৪৫০ জনের নাম ১৩টি ক্ষেত্রে বিশেষ অবদান বিবেচনায় উল্লেখ করা হয়। ক্ষেত্রগুলো হলো- পাণ্ডিত্ব, রাজনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা, ধর্ম প্রচার ও আধ্যাত্মিক নির্দেশনা, দাতব্যসেবা ও উন্নয়ন, প্রযুক্তি, সামাজিক ইস্যু, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, মিডিয়া, সেলিব্রিটি ও ক্রীড়া ব্যক্তিত্ব।

এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি এবং বর্ষসেরা নারী হিসেবে যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অনুবাদক আয়েশা আবদুর রহমান বিউলির নাম ঘোষণা করা হয়।

এ বছর প্রভাবশালী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ২০১৫ তারিখে তাঁর ভাই বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের স্থলাবিষিক্ত হন। বাদশাহ হওয়ার আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ও রিয়াদ প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি মনোনীত হয়েছেন আয়াতুল্লাহ সৈয়দ আলী হোসেইনি খমিনি। তিনি ইরানের শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা। সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার আগে ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তৃতীয় প্রভাবশালী ব্যক্তি হলেন কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি। তিনি প্রয়াত আমির হাম্মাদ বিন খলিফার চতুর্থ ছেলে। তিনি ২০১৩ সাল থেকে কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ তালে তাঁর বড় ভাই শেখ জাসিম সিংহানের দাবি থেকে সরে এলে তিনি পিতার উত্তরাধিকারী মনোনীত হন।

চতুর্থ প্রভাবশালী ব্যক্তি হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি ২০১৪ সাল থেকে তুরস্কের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে তিনি ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত একে পার্টি (জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) তুরস্কের ইতিহাসে প্রথম দল হিসেবে পরপর চারবার (২০০২, ২০০৭, ২০১১, ২০১৪) সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়।

পঞ্চম স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। তাঁর পিতা হুসাইন বিন তালাল মারা যাওয়ার পর ১৯৯৯ সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি হাশেমি রাজপরিবারের সদস্য। এই পরিবার ১৯২১ সাল থেকে জর্ডান শাসন করে আসছে।

ষষ্ঠ স্থানে রয়েছেন আল্লামা মুহাম্মাদ তাকি উসমানি। তিনি ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি ইসলামী ফিকহ, হাদিস, অর্থনীতি ও তাসাউফ বিশেষজ্ঞ। তিনি ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

সপ্তম স্থানে রয়েছেন মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মদ। ৫৯ বছর বয়সী এ রাজা রাজনীতি, প্রশাসনিক ক্ষমতা ও দেশীয় সার্বিক উন্নয়নের বিবেচনায় প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় স্থান পেয়েছেন। তিনি পারিবারিকভাবে সরাসরি মহানবী মুহাম্মদ (সা.)-এর বংশধর। ৪০০ বছর ধরে তাঁর পরিবার মরক্কো শাসন করছে।

তালিকার ৮ম স্থানে রয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। তার সৎ ভাই শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ানের মৃত্যুর পর গত ১৪ মে থেকে তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। অবশ্য ২০১৪ সালে খলিফা বিন জায়েদের স্ট্রোকের পর থেকে তিনিই আমিরাতের নীতিনির্ধারণের দিকটি নিয়ন্ত্রণ করতেন। এমবিজেড নামে পরিচিত এ নেতা ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে প্রশিক্ষণ গ্রহণ করেন।

নবম স্থানে রয়েছেন আয়াতুল্লাহ সাইয়িদ আলি হুসাইন আল-সিসতানি। ইরানি বংশোদ্ভূত এই ধর্মগুরু মূলত ইরাকে বসবাস করেন। তাঁকে ইরাকি শিয়াদের প্রধান আধ্যাত্মিক নেতা এবং শিয়া মতবাদের অন্যতম প্রবীণ পণ্ডিত হিসাবে বিবেচনা করা হয়। ২০০৯ সাল থেকে তিনি বিশ্বের প্রভাবশালী পাঁচ শ মুসলিমের শীর্ষ দশে রয়েছেন।

দশম স্থানে রয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান। তিনি আল-সৌদ রাজ দরবারের প্রধান এবং অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান। তা ছাড়া রাজনীতি ও নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তাকে সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক হিসাবে বিবেচনা করা হয়। ২০১৭ সালের ২১ জুন বিন সালমানকে যুবরাজ মনোনীত করা হয়।

এরপর ক্রমানুযায়ী রয়েছেন, ইয়েমের দারুল মুস্তফার প্রধান শেখ আল-হাবিব উমর বিন হাফিজ, সৌদি স্কলার ও দায়ি শেখ সালমান আল-আওদাহ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান শেখ ড. আহমদ বিন আল-তায়্যিব, ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি, আমিরাত ভিত্তিক প্রমোটিং পিস ইন মুসলিম সাইন্টিস্ট এর সভাপতি শেখ আবদুল্লাহ বিন বাইয়াহ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, সোকোটোর শাইখুস সুলতান তৃতীয় মুহাম্মাদু সাদু আবু বাকার, নাহদাতুল উলামার প্রধান শেখ ইয়াহইয়া সোলিল সতাকুফ এবং ২০তম স্থানে রয়েছেন মিসরের সাবেক গ্র্যান্ড মুফতি শেষ ড. আলি গোমা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.