অভ্যন্তরীণ রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে নতুন এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা।
মঙ্গলবার বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানববন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এয়ার অ্যাস্ট্রার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ার অ্যাস্ট্রা এ তথ্য নিশ্চিত জানিয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পায় এয়ার অ্যাস্ট্রা। এওসি (নম্বর-২৭) হলো বেবিচকের চূড়ান্ত অনুমোদন। এর মাধ্যমে এয়ার অ্যাস্ট্রা বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি পায়।
এয়ার অ্যাস্ট্রার উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) সাকিব হাসান শুভ বলেন, এয়ার অ্যাস্ট্রা সবসময় পেশাদার কর্মীদের মাধ্যমে যাথাযথভাবে কাজ করার চেষ্টা করবে এবং সমস্ত নিয়ম-নীতি মেনে চলবে, বিশেষ করে নিরাপদ ফ্লাইট পরিচালনার সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলো।
তিনি বলেন, এয়ার অ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।