বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন,‘বিমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও বিমানের কাছে সিভিল এভিয়েশনের যে বকেয়া পাওনা রয়েছে তা মওকুফ করার এখতিয়ার বিমান মন্ত্রণালয়ের নেই। এটা একমাত্র অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে পারে।’
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মাহবুব আলী বলেন, ‘আগামী ১৫ বছরে দেশের এভিয়েশন খাতে প্রায় তিনগুণ প্রবৃদ্ধি হবে। সরকারের নীতিগত সমর্থনের কারণে অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও প্রবৃদ্ধি হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, ১০টি হ্যাঙ্গার নির্মাণ, রানওয়ে শক্তিশালীকরণ, কক্সবাজার বিমানবন্দরে সমুদ্রে দৈর্ঘ্য বৃদ্ধিসহ দেশের সব বিমানবন্দরে প্রভৃত উন্নয়ন হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সব বিমানবন্দরে রাডার স্থাপনসহ বিভিন্ন ধরনের উন্নয়নকাজ চলমান আছে। সরকারের নীতিগত সমর্থনের কারণে অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও ব্যবসা বাড়ছে। বর্তমানে বিদ্যমান দুটি এয়ারলাইন্সের রুট সংখ্যা দিন-দিন বাড়ছে। আশাকরি, আজ যাত্রা করা এয়ার অ্যাস্ট্রাও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফসহ সিভিল এভিয়েশন অথরিটি ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।