ভারতের উদয়পুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) লকারের ২ লাখ ১৫ হাজার রুপি খেয়ে ফেলেছে উইপোকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৭৩ হাজার টাকা। টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সুনিতা মেহতা নামের এক নারী ওই লকারে সেই অর্থ গচ্ছিত রেখেছিলেন। সম্প্রতি পিএনবিতে যান তিনি। সেখানে গিয়ে দেখেন তার জমা রাখা সব টাকা খেয়ে ফেলেছে উইপোকা। এতে হতাশ হয়ে পড়েন গ্রাহক।
ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে ব্যাংকটির প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন সুনিতা। তার দাবি বলেন, লকারের ভেতরে থাকা টাকাগুলো নিরাপদ কি না তা নিশ্চিত করার দায়িত্ব ছিল ব্যাংকের।
অভিযোগ উঠেছে, পিএনবির অবহেলার কারণে টাকাগুলো নষ্ট হয়েছে। কারণ, সেখানে পেস্ট কন্ট্রোল নেই। ফলে নোটগুলো নষ্ট হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, প্রায় ২০ থেকে ২৫টি লকারে আক্রমণ চালাতে পারে উইপোকা। এতে গ্রাহকদের মাথায় হাত পড়েছে।
ব্যাংকটির সিনিয়র ম্যানেজার প্রাভিন কুমার যাদব বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। ইস্যুটি সমাধানে ভুক্তভোগী গ্রাহককে ব্যাংকে ডাকা হয়েছে।