ঢাকা থেকে বরিশাল আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ যাত্রীর লাগেজ পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার ৪৯ মিনিট বিলম্বে বিকাল ৩টা ৪ মিনিটে বরিশাল বিমান বন্দরে অবতরণ করে বিমানের বিজি-৪৬৯ নম্বরের ফ্লাইটটি। ৭৪ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্লাইটটি যাত্রীতে পূর্ণ ছিল। এখানে যাত্রী নামিয়ে দেয়ার পর ৪০ জন ফিরতি যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। এরপরই দেখা দেয় বিপত্তি। বেশ কয়েকজন যাত্রী তাদের লাগেজ না পেয়ে অভিযোগ করতে থাকেন।
তবে কোনো যাত্রীর লাগেজ খোয়া যায়নি বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশালস্থ ম্যানেজার এবায়েদুর রহমান। তিনি বলেন, কোনো কারণে মিসিং হয়েছে। যাত্রীদের অভিযোগ পাওয়ার পর ঢাকায় জানানো হয়েছে। যাত্রীদের সবার লাগেজ-ব্যাগেজ কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে। পরবর্তী ফ্লাইটে এসব লাগেজ-ব্যাগেজ নিয়ে আসা হবে।
আরও খবর