ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক করেছে সংস্থাটি। আজ সোমবার এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো এবং নাম ব্যবহার করে হিমেল খান নামধারী কর্তৃক ভুয়া ফেসবুক পেইজ, গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। এই ভুয়া ফেসবুক পেইজ, গ্রুপ ও ভুয়া নিয়োগ সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই। ভুয়া নিয়োগে পাসপোর্ট চেকার পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিসিয়াল ওয়েবসাইট (www.biman.gov.bd) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও লোগো ব্যবহার করা অন্যান্য ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও এতে জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.