সন্ত্রাসী, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদির বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। গতকাল সোমবার আইজিপি এক বিশেষ বার্তায় পুলিশের সব ইউনিটপ্রধানকে এ নির্দেশ দেন।
আইজিপি বলেন, দেশব্যাপী চলতি ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিসহ অন্যান্য মামলার আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চলমান অভিযানে অপরাধপ্রবণ এলাকা অর্থাৎ ক্রাইম জোনে কম্বিং অপারেশন পরিচালিত হচ্ছে। পুলিশের স্থায়ী চেকপোস্টের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশি টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল প্যাট্রল ও মোটরসাইকেল প্যাট্রল টিম বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, চলমান বিশেষ অভিযানে গত ২৭ অক্টোবর পর্যন্ত ছিনতাইকারী, চাঁদাবাজ, ডাকাতির ঘটনায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত ১৬ সন্ত্রাসকে গ্রেপ্তার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
