যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীদের বিমান ভাড়া ফেরত—ধর্ম মন্ত্রণালয়ের কঠোর নির্দেশ

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীদের বিমান ভাড়া ফেরত—ধর্ম মন্ত্রণালয়ের কঠোর নির্দেশ

দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা, ভিসা জটিলতা বা অন্যান্য যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে যাত্রা করতে না পারলে সংশ্লিষ্ট হজযাত্রীদের বিমান ভাড়ার অর্থ ফেরত দিতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী নির্ধারিত বিধান মেনে চলতে হবে সংশ্লিষ্ট সকল এয়ারলাইন্সকে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, যৌক্তিক কারণে কোনো হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে না পারলে তাকে প্রতিস্থাপন সুবিধা দিতে হবে। একইসঙ্গে ওই হজযাত্রীর সঙ্গে নিবন্ধিত সহগামী পরিবারের সদস্যরাও যদি যেতে ব্যর্থ হন, তাদের ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে। প্রয়োজনে টিকিট প্রতিস্থাপন অথবা বিমান ভাড়ার অর্থ ফেরত দিতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, এই প্রতিস্থাপন প্রক্রিয়ার ফলে এয়ারলাইন্সের নির্ধারিত কোটায় কোনো পরিবর্তন হবে না। বরং সুষ্ঠু ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হওয়ার পর ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার যাত্রী সেখানে পৌঁছেছেন। তবে অসুস্থতা ও বিভিন্ন অনিবার্য কারণে কিছু যাত্রী নির্ধারিত ফ্লাইট মিস করায় তাদের স্বার্থ সুরক্ষায় এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে অনেক হজযাত্রী আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন এবং হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN