ফুকেটে সাপ্তাহিক ২১ ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস
থাইল্যান্ডে যাত্রী চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে ফুকেট রুটে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।
থাইল্যান্ডে যাত্রী চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে ফুকেট রুটে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন গন্তব্য ফুকেটের মধ্যে প্রতিদিন তৃতীয় একটি ফ্লাইট চালু করছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক এই এয়ারলাইন্স। নতুন এই ফ্লাইটে প্রথমবারের মতো আধুনিক এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ পরিচালনা করা হবে, যেখানে যাত্রীরা এমিরেটসের জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমি সেবাও উপভোগ করতে পারবেন।
নতুন ফ্লাইট চালুর ফলে এমিরেটস এখন প্রতি সপ্তাহে মোট ২১টি ফ্লাইটের মাধ্যমে ফুকেটে যাত্রী পরিবহন করবে। এসব ফ্লাইট বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজে পরিচালিত হবে। নতুন সূচি অনুযায়ী, ইকে-৩৯০ ফ্লাইটটি প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে দুবাই থেকে ছেড়ে পরদিন সকাল ৮টা ১০ মিনিটে ফুকেটে পৌঁছাবে। ফিরতি ইকে-৩৯১ ফ্লাইটটি সকাল ১০টায় ফুকেট থেকে ছেড়ে দুপুর ১টা ৫ মিনিটে দুবাই পৌঁছাবে।
এমিরেটস জানিয়েছে, অতিরিক্ত এই ফ্লাইট ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডগামী যাত্রীদের জন্য আরও সুবিধাজনক সংযোগ নিশ্চিত করবে। বিশেষ করে ম্যানচেস্টার, লন্ডন, প্যারিস, আমস্টারডাম, ফ্রাঙ্কফুর্ট, কুয়েত ও বাহরাইন থেকে দুবাই হয়ে ফুকেটে ভ্রমণকারীরা সহজে সংযোগ পাবেন। একইভাবে ফুকেট থেকেও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আরও উন্নত সংযোগ সুবিধা মিলবে।
শুধু যাত্রী পরিবহন নয়, নতুন ফ্লাইটটি কার্গো পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতিরিক্ত দিনের ফ্লাইট চালুর ফলে ফুকেট থেকে ইউরোপ, যুক্তরাজ্য, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও উত্তর আমেরিকায় দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। বিশেষ করে কৃষিপণ্য, ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং সাধারণ কার্গো পরিবহনে এটি নতুন সুযোগ সৃষ্টি করবে।
এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজটি তিন শ্রেণির আসন বিন্যাসে পরিচালিত হবে। এতে থাকবে ৩২টি বিজনেস ক্লাস, ২৮টি প্রিমিয়াম ইকোনমি এবং ২৩৮টি ইকোনমি ক্লাসের আসন। বিজনেস ক্লাসে থাকবে সম্পূর্ণ শোয়ার উপযোগী আসন, ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং আধুনিক কেবিন নকশা। এছাড়া সর্বাধুনিক ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা, ৪কে মানের ডিসপ্লে, উচ্চগতির ওয়াই-ফাই এবং উন্নত ডিজিটাল সেবা যুক্ত করা হয়েছে।
এমিরেটস জানিয়েছে, থাইল্যান্ডে তাদের বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিক অংশ হিসেবেই এই নতুন ফ্লাইট চালু করা হচ্ছে। এর আগে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে আধুনিক লাউঞ্জ উদ্বোধন, ব্যাংককে এমিরেটস ওয়ার্ল্ড স্টোর চালু এবং ব্যাংকক থেকে কম্বোডিয়ার সিয়েম রিপ ও ভিয়েতনামের দা নাংয়ে ফিফথ-ফ্রিডম ফ্লাইট চালুর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করেছে এয়ারলাইন্সটি।
