দুবাই ফ্লাইটে দীর্ঘ বিরতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দুবাই রুটে ফ্লাইট স্থগিতাদেশ আরও বাড়িয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এয়ারলাইন্সটি জানিয়েছে, সিঙ্গাপুর-দুবাই রুটের এসকিউ৪৯৪ এবং দুবাই-সিঙ্গাপুর রুটের এসকিউ৪৯৫ ফ্লাইট আগামী ২ আগস্ট ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে।

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দুবাই রুটে ফ্লাইট স্থগিতাদেশ আরও বাড়িয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এয়ারলাইন্সটি জানিয়েছে, সিঙ্গাপুর-দুবাই রুটের এসকিউ৪৯৪ এবং দুবাই-সিঙ্গাপুর রুটের এসকিউ৪৯৫ ফ্লাইট আগামী ২ আগস্ট ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে।

রোববার প্রকাশিত এক ভ্রমণ পরামর্শে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে আরও ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ১ মার্চ প্রথমবারের মতো দুবাই ফ্লাইট স্থগিত করা হয়। পরে কয়েক দফায় সেই সময়সীমা বাড়ানো হয়—১৫ মার্চ, ২৮ মার্চ, ৩০ এপ্রিল এবং ৩১ মে পর্যন্ত। সর্বশেষ সিদ্ধান্তে তা বাড়িয়ে আগস্টের শুরু পর্যন্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি মধ্যপ্রাচ্যগামী বিমান চলাচলে চলমান অনিশ্চয়তার বড় ইঙ্গিত। বিশেষ করে গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে দুবাই রুট বন্ধ থাকায় দক্ষিণ-পূর্ব এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের যাত্রীদের ওপর প্রভাব পড়তে পারে।

এদিকে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য পূর্ণ অর্থ ফেরতের সুযোগ দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সরাসরি টিকিট কাটা যাত্রীরা এয়ারলাইন্সের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আর ট্রাভেল এজেন্সি বা পার্টনার এয়ারলাইন্সের মাধ্যমে বুকিং করা যাত্রীদের সংশ্লিষ্ট বিক্রয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখনও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখছে। দুবাই এয়ারপোর্টস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালে রেকর্ড ৯ কোটি ৫২ লাখ যাত্রী পরিবহন করেছে ডিএক্সবি বিমানবন্দর। বিশ্বের ১১০টি দেশের ২৯১টি গন্তব্যে বর্তমানে সংযোগ রয়েছে এই বিমানবন্দর থেকে।

বিশেষজ্ঞরা বলছেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিদ্ধান্ত মূলত নির্দিষ্ট রুটকেন্দ্রিক হলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক বিমান শিল্পে নতুন চাপ তৈরি করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.