লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

লিবিয়ায় আটক থাকা ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

লিবিয়ায় আটক থাকা ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা সবাই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা–এর সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান।

মঙ্গলবার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ প্রত্যাবাসিত ব্যক্তি মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই সেখানে অপহরণ, নির্যাতন ও অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে আইওএম প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথ খরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দিয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN