আফ্রিকায় ফ্লাইট বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ

কাতার এয়ারওয়েজ আফ্রিকায় তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে

মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ আফ্রিকায় তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। যাত্রী চাহিদা বৃদ্ধি, আঞ্চলিক সংযোগ শক্তিশালী করা এবং আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার লক্ষ্যে একাধিক নতুন রুট চালু ও বিদ্যমান ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আগামী ১৬ জুন থেকে ধাপে ধাপে এসব পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে কাতার এয়ারওয়েজ।

প্রকাশিত সূচি অনুযায়ী, দীর্ঘ বিরতির পর সিশেলসে আবারও ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ। ১৬ জুন থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হবে। একই দিনে রুয়ান্ডার রাজধানী কিগালিতেও সপ্তাহে দুটি ফ্লাইট পুনরায় চালু করা হবে। এছাড়া মরক্কোর জনপ্রিয় পর্যটন নগরী মারাকেশে আগামী ১ জুলাই থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করবে সংস্থাটি।

শুধু নতুন বা পুনরায় চালু হওয়া রুটই নয়, আফ্রিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হচ্ছে। মিশরের আলেকজান্দ্রিয়ায় বর্তমানে সপ্তাহে তিনটি ফ্লাইট থাকলেও তা বাড়িয়ে সাতটি করা হবে। রাজধানী কায়রোতে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ২৮ থেকে বাড়িয়ে ৩৫ করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রতিদিনের ফ্লাইট বাড়িয়ে সপ্তাহে ১০টি করা হবে।

তানজানিয়ার দার এস সালামে সপ্তাহে তিনটি ফ্লাইটের পরিবর্তে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হবে। একইভাবে জাম্বিয়ার লুসাকা ও জিম্বাবুয়ের হারারে রুটেও সপ্তাহে পাঁচটি ফ্লাইট বাড়িয়ে দৈনিক করা হচ্ছে। মোজাম্বিকের মাপুতো এবং দক্ষিণ আফ্রিকার ডারবানে বর্তমানে সপ্তাহে চারটি ফ্লাইট থাকলেও সেটিও প্রতিদিন পরিচালিত হবে।

এদিকে সুদানের পোর্ট সুদানে নতুন ফ্লাইট চালুর ঘোষণাও দিয়েছে কাতার এয়ারওয়েজ। আগামী ২ জুলাই থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট ছেড়ে যাবে। নির্ধারিত সময় অনুযায়ী, দোহা থেকে সকাল ৯টায় ছেড়ে পোর্ট সুদানে পৌঁছাবে সকাল ১১টায়। ফিরতি ফ্লাইট দুপুর ১২টা ২৫ মিনিটে পোর্ট সুদান থেকে ছেড়ে বিকেল ৪টা ২০ মিনিটে দোহায় পৌঁছাবে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, ওমান, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যাত্রীরা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সহজেই পোর্ট সুদানসহ আফ্রিকার বিভিন্ন গন্তব্যে সংযুক্ত হতে পারবেন।

বিশ্লেষকদের মতে, আফ্রিকায় ফ্লাইট সম্প্রসারণের এই উদ্যোগ কাতার এয়ারওয়েজের বৈশ্বিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে পর্যটন, বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.