এক টিকিটে যুক্তরাষ্ট্রের ১২০ শহরে ভ্রমণের সুযোগ

সিঙ্গাপুর এয়ারলাইন্স ও যুক্তরাষ্ট্রভিত্তিক সাউথওয়েস্ট এয়ারলাইন্স নতুন একটি আন্তঃবিমান সংযোগ (ইন্টারলাইন) চুক্তি চালু করেছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স ও যুক্তরাষ্ট্রভিত্তিক সাউথওয়েস্ট এয়ারলাইন্স নতুন একটি আন্তঃবিমান সংযোগ (ইন্টারলাইন) চুক্তি চালু করেছে। এর ফলে এশিয়ার যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রায় ১২০টি শহরে এক টিকিটে ভ্রমণের সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে যাত্রীরা এখন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে সহজে পৌঁছাতে পারবেন।

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) বার্ষিক সভায় গত ৮ জুন আনুষ্ঠানিকভাবে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়। চুক্তির আওতায় যাত্রীরা আলাদা আলাদা টিকিট না কেটে একটি টিকিটেই পুরো ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সিয়াটল-টাকোমা এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর হবে দুই এয়ারলাইন্সের প্রধান সংযোগ কেন্দ্র।

সাউথওয়েস্ট এয়ারলাইন্স বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ১২০টি শহরে ফ্লাইট পরিচালনা করে, যেসব গন্তব্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সরাসরি সেবা নেই। ফলে এশিয়ার যাত্রীরা এখন সহজেই টেনেসির নক্সভিল থেকে শুরু করে আলাস্কার অ্যাঙ্কোরেজ পর্যন্ত বিভিন্ন শহরে এক টিকিটে ভ্রমণ করতে পারবেন।

ভিয়েতনাম ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যাত্রীদের জন্য এ সুবিধা বিশেষ গুরুত্ব বহন করছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিদিন হ্যানয় ও হো চি মিন সিটি থেকে সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করে। পাশাপাশি তাদের সহযোগী প্রতিষ্ঠান স্কুট দা নাং, ন্যা ট্রাং ও ফুকুয়ক থেকেও সেবা দিয়ে থাকে। ফলে এসব শহরের যাত্রীরা এখন একটি বুকিংয়ের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের ছোট ও মাঝারি শহরগুলোতে পৌঁছাতে পারবেন।

ইন্টারলাইন চুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো যাত্রীদের পুরো যাত্রাপথের জন্য একবারই চেক-ইন করতে হবে। তাদের লাগেজও চূড়ান্ত গন্তব্য পর্যন্ত সরাসরি পাঠানো হবে। ফলে মাঝপথে লাগেজ সংগ্রহ করে পুনরায় চেক-ইন করার ঝামেলা থাকবে না।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে প্রবেশের জন্য এশিয়ার এয়ারলাইন্সগুলোর মধ্যে সাউথওয়েস্টের সঙ্গে অংশীদারিত্বের প্রবণতা বাড়ছে। সাউথওয়েস্টের প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্ড্রু ওয়াটারসন জানিয়েছেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের অষ্টম ইন্টারলাইন অংশীদার।

বিশ্বখ্যাত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০২৫-এ সিঙ্গাপুর এয়ারলাইন্স বিশ্বের দ্বিতীয় সেরা বিমান সংস্থা হিসেবে স্বীকৃতি পায়। একই সঙ্গে সেরা কেবিন ক্রু, সেরা ফার্স্ট ক্লাস এবং এশিয়ার সেরা এয়ারলাইন্সের পুরস্কারও অর্জন করে। বর্তমানে সিঙ্গাপুর এয়ারলাইন্স গ্রুপ বিশ্বের ৩৫টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৩০টির বেশি গন্তব্যে সেবা প্রদান করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN